শহীদ মিনারে গেইম পার্কের ফেস্টুন: সংবাদ প্রকাশের পর সরালো পুলিশ
Oplus_131072
চট্টগ্রামের সাতকানিয়ায় ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত শহীদ মিনারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফেস্টুন টানানোর ঘটনায় ব্যাপক সমালোচনার পর অবশেষে তা অপসারণ করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও সংবাদ প্রকাশের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
উল্লেখ্য, গতকাল রাতে দৈনিক নীলগিরি-এর অনলাইন ভার্সনে “ভাষা শহীদদের অবমাননায় যাত্রা শুরু ‘গেইম পার্ক’র!” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে আসে এবং রাতেই ফেস্টুনটি সরিয়ে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গেইম পার্ক নামে একটি বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। উদ্বোধন উপলক্ষে এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হয়। তবে থানার সামনে অবস্থিত শহীদ মিনারের মূল কাঠামোয় তাদের প্রচারণামূলক ফেস্টুন ঝুলতে দেখা গেলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, শহীদ মিনারের সামনের অংশজুড়ে বড় আকারের একটি রঙিন ফেস্টুন টানানো হয়েছে। এতে প্রতিষ্ঠানের নাম, প্রচারণামূলক বার্তা ও যোগাযোগসংক্রান্ত তথ্য উল্লেখ ছিল। ফেস্টুনটি এমনভাবে স্থাপন করা হয়েছিল যে শহীদ মিনারের সৌন্দর্য ও প্রতীকী অংশ আংশিকভাবে ঢেকে যায়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। সচেতন মহল অভিযোগ করে, ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত জাতীয় স্থাপনাকে বাণিজ্যিক প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করা চরম দায়িত্বহীনতা ও জাতীয় চেতনার অবমাননা।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত শহীদ মিনারে একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ফেস্টুন টানানোর বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ডিউটি অফিসারকে পাঠিয়ে সেটি অপসারণ করা হয়েছে। শহীদ মিনারে এ ধরনের ফেস্টুন টাঙানো খুবই গর্হিত কাজ।”












