ডুলাহাজারা সাফারি পার্ক থেকে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের একটি চারা রোপণ করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।
শনিবার (১৩ জুন) দুপুরে সাফারি পার্কের মূল ফটক এলাকায় চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একই বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বন বিভাগের কর্মকর্তারা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।
বন বিভাগের তথ্যমতে, ২০২৬-২৭ অর্থবছরে ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়িভিত্তিক বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মারুফ হোসেন বলেন, কর্মসূচিটি বাস্তবায়িত হলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা, সাফারি পার্কের কর্মকর্তারা, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারা।









