সাতকানিয়ায় অভিযানে বাসের সুপারভাইজার ধরা
এক পিস ইয়াবায় তিন মাসের সাজা
চট্টগ্রামের সাতকানিয়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক পিস ইয়াবাসহ মো. সোহেল (৩৫) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত সোহেল পটিয়া উপজেলার পূর্ব পাচরিয়া এলাকার বাসিন্দা মো. সেলিমের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সাতকানিয়ার শিশুতল এলাকায় একটি বাসে তল্লাশি চালায় ডিএনসি’র একটি টিম। এ সময় হানিফ পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বাসের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালনরত মো. সোহেলের কাছে থাকা একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সোহেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক পরিবহন বা বহনের চেষ্টা আমরা কঠোরভাবে দমন করছি। জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে মাদক পরিবহনের রুট হিসেবে বিবেচনা করা হয়। তাই এ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিয়মিত নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।










