বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে
মঈন উদ্দীন, বান্দরবান
বান্দরবানে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হচ্ছে।
রবিবার (০৫ এপ্রিল) সকালে বান্দরবানের বিভিন্ন গীর্জা ও চার্চ গুলোতে যীশু খ্রীষ্টের গুণ কীর্তনে প্রার্থনার আয়োজন করা হয়। শহরের ফাতিমা রানী ক্যাথলিক গীর্জা, লুসাইবাড়ি ব্যাপটিস গীর্জা, কালাঘাটা ত্রিপুরা পাড়া গীর্জা সহ চিম্বুক পাহাড়ের বম ও ত্রিপুরা সম্প্রদায়ের পাড়ার গীর্জা গুলোতে এই উৎসব নানা আয়োজনে পালিত হচ্ছে।
এসময় সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে সুখ শান্তির প্রত্যাশা করে সকলে।
এসময় সমবেত প্রার্থনা পরিচালনা করেন বান্দরবান ফাতিমা রাণী ধর্মপল্লী ক্যাথলিক গীর্জার সহকারী পাল-পুরোহিত ফাদার জেরম সুটিং, সিএসসি।
খ্রিস্টান ধর্মাবলম্বী নারী পুরুষ নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে প্রার্থনা ও গুণকীর্তনে অংশ নেয়। বান্দরবানের প্রায় অর্ধ লক্ষ খ্রিস্টান সম্প্রদায় ইস্টার সানডে পালন করছে। ইস্টার সানডে হলো খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও আনন্দঘন উৎসব, যা গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর যিশু খ্রিষ্টের পুনরুত্থান বা বেঁচে ওঠাকে স্মরণ করে পালিত হয়।













