রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতকানিয়ায় আদালতের আদেশে দায়িত্বে ফিরলেন আওয়ামীপন্থী দুই চেয়ারম্যান, এলাকায় বাড়ছে উত্তেজনা

মুহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৩৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সাতকানিয়ায় আদালতের আদেশে দায়িত্বে ফিরলেন আওয়ামীপন্থী দুই চেয়ারম্যান, এলাকায় বাড়ছে উত্তেজনা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে আদালতের নির্দেশে আওয়ামী লীগ মনোনীত দুই চেয়ারম্যানের পুনর্বহালকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা, উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়িত্বচ্যুত হওয়া আওয়ামী লীগ ঘনিষ্ঠ জনপ্রতিনিধিদের প্রশাসনিক ক্ষমতায় ফিরে আসার প্রক্রিয়া এলাকায় নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং এর আগে ৩১ মে খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন আদালতের আদেশের ভিত্তিতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ দায়িত্ব পালনের সুযোগ পান। এরপর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনের আবেদনের পর মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী তাকে পুনরায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব প্রদানের নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশে পূর্ববর্তী স্থগিতাদেশ ছয় মাসের জন্য স্থগিত হওয়ায় তিনি পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পান।
একইভাবে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনও হাইকোর্টের শরণাপন্ন হয়ে চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পান। আদালতের নির্দেশনার পর সংশ্লিষ্ট প্রশাসন তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “আদালতের নির্দেশনা বাস্তবায়ন ছাড়া প্রশাসনের অন্য কোনো এখতিয়ার নেই। আদালতের আদেশ অনুযায়ী দুই চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এর আগে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছিলেন।”
স্থানীয় সূত্র বলছে, আক্তার হোসেন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ও উপজেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক সময়ে খাগরিয়ায় ছাত্রলীগ ও আওয়ামীলীগ সক্রিয় হওয়ার পেছনে আক্তার হোসেনের ভূমিকায় বেশি রয়েছে বলে জানা যায়। গত কয়েক সপ্তাহ আগে খাগরিয়ায় ছাত্রলীগের ধান কাটার একটি ছবি কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজে পোস্ট করলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এছাড়া একাধিক কর্মসূচি পালনের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আক্তার হোসেনের নেতৃত্বে খাগরিয়ায় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন সক্রিয় হচ্ছে।

অন্যদিকে জসিম উদ্দিনকে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর হিসেবে দেখা হয়। জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর আক্রমণের অভিযোগ গত বছরের ২২ এপ্রিল রাতে চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘ কারাভোগের পর সে জামিন বের হন।
সাবেক চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ নভেম্বর লোহাগাড়া উপজেলার পুরাতন থানা এলাকার মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোমেন হোসেন জয় বাদী হয়ে বিস্ফোরক আইনে সদরঘাট থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টা থেকে ৫ আগস্ট রাত আনুমানিক ১০টা পর্যন্ত সদরঘাট থানার সিটি কলেজের সামনে থেকে ইসলামিয়া কলেজের মোড় পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর আক্রমণের অভিযোগ করা হয়।

আওয়ামী লীগের চেয়ারম্যানদের পুনর্বহালকে স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তাদের পুনর্বহালে স্থানীয় একাধিক রাজনৈতিক দলের নেতা কর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক জনপ্রতিনিধি প্রশাসনিক ও আইনি জটিলতায় দায়িত্বের বাইরে চলে যান। সেই প্রেক্ষাপটে আদালতের মাধ্যমে একের পর এক জনপ্রতিনিধির দায়িত্বে ফেরার ঘটনাকে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হিসেবে বিবেচনা করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
খাগরিয়ায় চেয়ারম্যান আক্তার হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ৩১ মে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসার পর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। স্থানীয়দের একটি প্রতিনিধি দল তাকে গ্রেপ্তারের দাবিতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলমের সঙ্গেও সাক্ষাৎ করেন।

অন্যদিকে সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন এলাকায় ফিরবেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

দুই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে নিয়মিত অফিস শুরু করলে সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাতকানিয়ার বিভিন্ন স্থানে সংঘটিত হামলায় সরাসরি জড়িত বলে এই দুই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

আইনজীবীদের মতে, আদালতের আদেশে দায়িত্ব ফিরে পাওয়া কোনো জনপ্রতিনিধিকে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করা সমীচীন নয়। আদালত যদি আইনগতভাবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তবে তা বিচার বিভাগের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। তবে মাঠপর্যায়ে জনমত ও রাজনৈতিক বাস্তবতা কী অবস্থান নেয়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

স্থানীয় সূত্র আরও জানিয়েছে, সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত আরও কয়েকজন সাবেক চেয়ারম্যান ও জনপ্রতিনিধি আদালতের মাধ্যমে দায়িত্ব ফিরে পাওয়ার লক্ষ্যে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। ফলে আগামী দিনে উপজেলার আরও কয়েকটি ইউনিয়ন পরিষদে একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, আদালতের নির্দেশে জনপ্রতিনিধিদের প্রত্যাবর্তন কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এর সুদূরপ্রসারী রাজনৈতিক অভিঘাতও রয়েছে। রাজনৈতিকভাবে স্পর্শকাতর সাতকানিয়ায় এই প্রত্যাবর্তন স্থানীয় ক্ষমতার ভারসাম্য, রাজনৈতিক সমীকরণ এবং মাঠের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে দিতে পারে।

পলাতক জীবনের অবসান

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৪:০৫ পিএম
দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। রোববার (১৪ জুন) জাতীয় সংসদে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতার করে। বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন। দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে জানিয়েছে, গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। সরকার দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি বাংলাদেশ পুলিশের জন্য একটি ঐতিহাসিক সাফল্য। অপরাধী যত প্রভাবশালী বা শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক। এসব মামলায় প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পর আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন। পরে আন্তর্জাতিক আইনশৃঙ্খলা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় তাকে দুবাইয়ে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে আলোচিত এই দুর্নীতি মামলায় বেনজীর আহমেদের গ্রেফতারকে দেশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এখন নজর রয়েছে তাকে কবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হয়।

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৫০ পিএম
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে বর্তমান চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কক্সবাজার অঞ্চলের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিবেচনায় মহাসড়কটির সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। জনসভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।
তারেক রহমান বলেন, প্রায় ২৫ বছর আগে তিনি যে সড়ক দেখে গিয়েছিলেন, তার কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো হয়নি। এ সময়ে কক্সবাজারের গুরুত্ব বহুগুণ বেড়েছে। পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনার কারণে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন জরুরি হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে। এ বাস্তবতায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে আধুনিক ও অধিক সক্ষম সড়কে রূপান্তর করা প্রয়োজন। তিনি জানান, যানবাহনের বাড়তি চাপ ও ভবিষ্যৎ অর্থনৈতিক চাহিদা বিবেচনায় মহাসড়কটি ছয় লেনে উন্নীত করা হবে এবং শিগগিরই প্রকল্পের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
লবণচাষিদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, উৎপাদিত লবণের ন্যায্যমূল্য থেকে অনেক চাষি বঞ্চিত হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে সরকার মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেবে, যাতে চাষিরা উৎপাদিত লবণের উপযুক্ত দাম পান।
প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি উপস্থাপিত বাজেটটি সাধারণ মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহারের বিষয়ও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্যসেবা খাত নিয়ে তিনি বলেন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী বাজেটে ৪২ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষককে কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এসব উদ্যোগ তাঁর ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির অংশ বলে উল্লেখ করেন।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল। পাশাপাশি লবণচাষীরা যাতে প্রতি কেজি লবণের ন্যূনতম ১৫ টাকা মূল্য পান, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি। এতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
এর আগে একই দিন কক্সবাজার জেলার দশম উপজেলা হিসেবে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

দৈনিক নীলিগিরি ডেস্ক ✔️ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:০১ পিএম
লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় বৃক্ষ রোপন ও চারা বিতরন করা হয়েছে।

শনিবার(১৩জুন) দুপুরে উপজেলা প্রশাসন এবং পদুয়া বনরেঞ্জ ও টংকাবতী বিটের উদ্যোগে চরম্বা মাইজবিলা এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ বায়োজীদ-বিন-আখন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াদুর রহমান ভূঁইয়া,চরম্বা টংকাবতী বিট কর্মকর্তা ইমন বিল্লাহ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফয়সাল আমীর সহ গণমাধ্যম কর্মী ও বন বিভাগের স্টাফবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই সাথে ওই এলাকায় বনবিভাগের পক্ষ থেকে রোপনকৃত বাগানটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ বায়োজীদ-বিন-আখন্দ, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াদুর রহমান ভূঁইয়া,চরম্বা টংকাবতী বিট কর্মকর্তা ইমন বিল্লাহ।

ইউএনও মোঃ বায়োজীদ-বিন-আখন্দ বলেন, ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে অধিক সংখ্যক গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।

প্রসঙ্গত: কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনের পর এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।