বান্দরবান সদর হাসপাতালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
আবুবকর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার
বান্দরবান সদর হাসপাতালের সম্প্রসারিত ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন মো.সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল হাসান। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মুল তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন,বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শ্রমিক নেতা হয়েছে, তারা কাজ কারো সময় ১১ হাজার লাইন বিদ্যুতের খুটির সাথে আর্থিং হয়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা.মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী ২ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত করছে।










