বান্দরবানে সিডিসি ও সিআইবির উদ্যোগে সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে মেশিন বিতরণ
মঈন উদ্দীন বান্দরবান
কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এর আয়োজন ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) এর সহযোগিতায় ছয় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী যুবা ও অভিভাবকদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকালে বান্দরবান (সিডিসি) এর কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিলটন মুহুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (এলসিসি) সভাপতি পাকসিম বি. ত্লুং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক
লালরিন সাং বম,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। সেলাই প্রশিক্ষণ গ্রহণের পর প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা তাদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে। তিনি বলেন, নারীরা স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয়। অর্জিত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের ভাগ্যোন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি এ ধরনের জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে ছয় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী যুবা ও অভিভাবকদের মাঝে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা। এ সময় প্রশিক্ষণার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










