ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় এবার প্রাণ গেল কিশোরগঞ্জের এক যুবকের। রুশ বাহিনীর হয়ে যুদ্ধরত অবস্থায় ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ রশিদ (২৮)।
তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা এবং জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে রিয়াদ ছিলেন চতুর্থ।
পরিবার সূত্র জানায়, জীবিকার সন্ধানে গত বছরের অক্টোবরে রাশিয়ায় যান রিয়াদ। পরিবারের সদস্যরা জানতেন, তিনি একটি কোম্পানিতে চাকরি করছেন। পরে গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তবে বিষয়টি পরিবারকে গোপন রেখেছিলেন তিনি। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫।
গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদ নিহত হন। ওই হামলায় আরও দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন।
রিয়াদের বন্ধু লিমন দত্ত, যিনি একই ক্যাম্পে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন, হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় মেসেঞ্জারের মাধ্যমে তিনিই রিয়াদের মৃত্যুর খবর পরিবারকে জানান।
ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, “রিয়াদ যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, আমরা কিছুই জানতাম না। জানলে কখনো তাকে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে। ছেলের লাশটাও পাচ্ছি না।”
ঘটনাটি নিশ্চিত করেছেন জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম। তিনি বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। সরকারি সহায়তার সুযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, পুলিশ নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।












