বান্দরবানে ৮১ সদস্যের সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি গঠন সভাপতি চথুইপ্রু, সম্পাদক থুইমং প্রু
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই উদযাপন উপলক্ষে নতুন ৮১ সদস্য বিশিষ্ট উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এতে রাজা পরিবারের অন্যতম সদস্য চথুই প্রুকে সভাপতি এবং থুইমং প্রুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উৎসব উদযাপন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক উ: উাইংসিং চৌধুরী (জনসন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উৎসব উদযাপন কমিটি জানান, পূর্বের কমিটি বাতিল করে স্থানীয় মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ২১ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
উপদেষ্টা কমিটিতে রাজকুমার চহ্লাপ্রু জেমীকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া কুমার সাচক্র, রাজকুমার মংঙৈদ্রু, কুমার সাশৈপ্রু, রাজকুমার নুমংপ্রু এবং বীর মুক্তিযোদ্ধা মংশৈ হ্লা চৌধুরীসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
উৎসব উদযাপন কমিটি জানায়, আগামী ১৩ এপ্রিল থেকে বান্দরবানে বসবাসরত মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হবে। উৎসবকে আরও প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটি আশা প্রকাশ করে, সম্মিলিত প্রচেষ্টায় এবারের সাংগ্রাই উৎসব জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে।
####










