বাজার অস্থির করতে হিমাগারে বিপুল খেজুর মজুদ
চট্টগ্রামের সাতকানিয়ায় রমজানকে সামনে রেখে বাজারে কৃত্রিম সরবরাহ সংকট দেখানোর উদ্দেশ্যে হিমাগারে বিপুল পরিমাণ খেজুর মজুদের অভিযোগে একটি হিমাগারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চর খাগরিয়া এলাকায় অবস্থিত মেসার্স বার আউলিয়া হিমাগারে অভিযানে দেখা যায়, হিমাগারটিতে প্রায় ৭৫০ থেকে ১ হাজার মেট্রিক টন খেজুর দীর্ঘদিন ধরে মজুদ করে রাখা হয়েছে, যা রমজান উপলক্ষে বাজারে সরবরাহ কম দেখিয়ে দাম বাড়ানোর চেষ্টা বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন।
এ সময় হিমাগার কর্তৃপক্ষ সংরক্ষণ ও লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ ধারায় হিমাগার মালিকপক্ষের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে হিমাগারে কোনো পণ্য সাত দিনের বেশি সংরক্ষণ না করার বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। তিনি বলেন, “রমজানকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। ভোক্তা স্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।













