লোহাগাড়ায় টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হাতিয়ার খালে তিনটি ভাঙন, ডলু নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে লোকালয়ে পানি ঢুকে পড়েছে, এতে তিন শতাধিক বাড়ি বিলীন হওয়ার আশংকা রয়েছে, নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার জনগন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাতিয়ার খাল ও ডলু নদীর পানি বেড়ে গেছে। হাতিয়ার খালের রুস্তমের পাড়া সড়কের মনজুরের দোকানে উত্তর পাশে হিন্দু পাড়া ও সিকদার পাড়ায় কয়েকটি ভাঙন দেখা দিয়েছে। ভারী বর্ষণের কারণে রুস্তমের পাড়া সড়কের অংশ ভেঙে গিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
ইউনিয়নের সর্দানী পাড়াও ডলু নদীর তীব্র স্রোতের কারণে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এভাবে বৃষ্টি বেড়ে গেলে এ গ্রামে ৩০০টি বসতঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
এছাড়াও উপজেলা সদর ইউনিয়নে পুরাতন থানা রোড, পোস্ট অফিস রোড ডুবে গেছে, আমিরাবাদ ইউনিয়নের টংকাবতী খালের পানি বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে,জনগণ আতংকে দিনাতিপাত করছে, বিশেষ করে আমিরাবাদ টংকাবতী খালের তীব্র স্রোতে রাজঘাটা ব্রীজের পশ্চিম পার্শ্বে ৪নং ওয়ার্ডের অংশে এলাকায় বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। পদুয়া হাঙ্গর খালের তীব্র স্রোতের কারণে পদুয়া ৭নং ওয়ার্ডের ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্শ্বে বেরিবাধ ভেঙে গেছে। পদুয়া মুন্সির পাড়া,সিকদার পাড়া,দরগা মূড়া, নিজতালুক, ধলিবিলা চাঁদার পাড়া সহ বিভিন্ন এলাকায় পানি ডুকে পড়েছে। এলাকার সাধারণ মানুষ রয়েছে অনেক আতঙ্কে।
রুস্তমের পাড়া এলাকার বাসিন্দা আবুল কাসেম বলেন, হাতিয়ার খালের তীব্র স্রোতের কারণে আমাদের একমাত্র চলাচল সড়কটি ভেঙে গেছে। আমরা এখন চলাচল করতে পারছিনা। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে এলাকার অনেক বাড়িঘর তলিয়ে যাবে।
আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন বলেন, টানা বৃষ্টির কারণে হাতিয়ার খালে তিনটি স্পট, ডলু নদীতে ভাঙন দেখা দিয়েছে, লোকালয়ে পানি ঢুকে পড়েছে। বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এলাকার বসতঘরগুলো হুমকির মুখে রয়েছে। এলাকার ভাঙনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মহোদয়কে অবগত করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোহাম্মদ জাকির আহমেদ নাহিদ জানান, লোহাগাড়ার বিভিন্ন এলাকার ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, ভাঙন কবলিত এলাকা গুলো পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
ছবির ক্যাপশনঃ লোহাগাড়ার আধুনগরে রুস্তমের পাড়া সড়কের কিছু অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন













