এলডিপি ছাড়ার হিড়িক! চন্দনাইশে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মীর যোগদান
চট্টগ্রামের চন্দনাইশে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ঘটনা ঘটেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে সহস্রাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (১৫ মে) বিকেল ৫টার দিকে চন্দনাইশের মক্কা পেট্রল পাম্প সংলগ্ন মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের উপস্থিতিতে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউছুপ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং পৌর গণতান্ত্রিক কৃষক দলের সদস্যসচিব এনামুল হক। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী একযোগে দলত্যাগ করে বিএনপিতে নাম লেখান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতেই তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছেন।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব এম এ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, পৌরসভা যুবদল আহ্বায়ক আজম খান, সদস্যসচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন ও সদস্যসচিব মো. মাহফুজসহ স্থানীয় নেতারা।
বক্তারা দাবি করেন, চন্দনাইশে বিএনপির গণভিত্তি আরও সুসংহত হয়েছে এবং আগামীর রাজনৈতিক আন্দোলনে এই যোগদান নতুন মাত্রা যোগ করবে।
এর আগ গত ২ মে সন্ধ্যায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত পৃথক অনুষ্ঠানে
সাতকানিয়া উপজেলার ছয় ইউনিয়নে কয়েক হাজার এলডিপির নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। ওই সময় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন তারা।










