মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সাতকানিয়ায় কর্মবিরতি
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার হাতে দাঁড়ান তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, তারা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড দাবি করে আসছেন। দেশের বিভিন্ন জেলার মতো সাতকানিয়াতেও একই দাবিতে কর্মবিরতি চলছে।
তাদের ভাষায়, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ আমরা। অথচ আমাদের পদোন্নতি, গ্রেড ও সুবিধাগুলো বছরের পর বছর ঝুলে আছে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সাতকানিয়া ইউনিটের সদস্যরা জানান, সরকারি চাকরির অন্যান্য ক্যাডার ও সেবা সংশ্লিষ্ট পেশাজীবীদের মতো তাদেরও সমান মর্যাদা ও গ্রেড পাওয়ার কথা। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। এ কারণে চলমান আন্দোলন।
তারা আরও বলেন, প্রয়োজনীয় গ্রেড বাস্তবায়ন হলে কর্মীদের কর্মস্পৃহা ও মানসিক চাপ কমবে, সেবার মানও বাড়বে।













