পহেলা বৈশাখে বিনামূল্যে প্রবেশ করা যাবে বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে
আবুবকর ছিদ্দিক, বান্দরবান
শেষ হতে চলেছে বাংলা ১৪৩২ সাল। আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর বরণে সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুত পিছনে নেই পার্বত্য জেলা বান্দরবান।
পহেলা বৈশাখ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে পর্যটকদের জনপ্রতি প্রায় ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে।
রোববার (১২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে সকল দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ভ্রমণপিপাসু পর্যটকরা অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করবে এবং পর্যটকদের আগ্রহ বৃদ্ধি পাবে।এই উদ্যোগের ফলে ভ্রমণপিপাসুরা অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন এবং উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন।










