২ রোহিঙ্গার যাবজ্জীবন
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
কক্সবাজারে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার সিরাজুল ইসলাম।
যারা মৃত্যুদণ্ড পেয়েছেন
নূর মোস্তফা — উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে
সোনা মিয়া — কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে
যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন
আবদুল গফুর (৩৫) — কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলিু মিয়ার ছেলে
মো. আইয়ুব ওরফে তৈয়ব — মৃত মোহাম্মদ আলমের ছেলে
যিনি খালাস পেয়েছেন
আবদুর রহমান — রামুর রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে
মামলার পটভূমি
২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করে এবং পাঁচজনকে আটক করে। পরে ডিবির তৎকালীন পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন।
একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার ভিত্তিতে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।
আসামিদের উপস্থিতি
পিপি জানান, মামলাটি চলাকালে পাঁচ আসামিই বিভিন্ন সময়ে জামিন পেয়ে যান এবং পরে চারজন পলাতক হয়ে যান। রায় ঘোষণার সময় কেবল খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।













