বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান।
শুক্রবার (১২ জুন) গভীর রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ধাপের এ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষায় পাস করার বিষয়টি জাইমা রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সঙ্গে একটি ছোট ব্যক্তিগত অর্জনের খবর শেয়ার করতে চাই। দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। মহান আল্লাহর অশেষ রহমতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”
জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বার কাউন্সিল সূত্রে জানা যায়, এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে প্রার্থীদের তিনটি ধাপ—এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সব ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলে তারা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন। তবে প্রাথমিক তালিকাভুক্তির মাধ্যমে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে না।











