কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকাল ৯টায় তাকে বহনকারী বিমানটি ঢাকা ত্যাগ করে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে সকাল সাড়ে ৮টায় গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে কক্সবাজার যাচ্ছেন।
তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে সফরের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখবেন।
পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন তিনি।
এরপর মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
সফরের অংশ হিসেবে পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরপর নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এছাড়া তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন এবং সন্ধ্যায় লং বিচ হোটেলে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সূত্র: বিএসএস










