সাতকানিয়ায় মার্কেট খোলা রাখায় ৫৫ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় বিদ্যুতের অপচয় রোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে সন্ধ্যা ৭টার পর মার্কেট ও দোকান খোলা রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১০ জুন) রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মান্নান টাওয়ারের মালিকপক্ষকে ২০ হাজার টাকা, নিউ মার্কেট মালিক সমিতিকে ২০ হাজার টাকা এবং দুটি ইলেকট্রনিক্স ও একটি কাপড়ের শোরুমকে ১৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষকে সরকারের জ্বালানি সাশ্রয় সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে সরকার বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সন্ধ্যা ৭টার পর দোকান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু কিছু প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং জাতীয় সম্পদের সুরক্ষায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি। আইন অমান্য করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইউএনও জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং বিদ্যুতের অপচয় রোধে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।










